জাতীয় দলের অধিনায়ক তিনি। সামনেই ২০১৯ বিশ্বকাপ। নির্বাচনের ঠিক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবু কেন জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন মাশরাফি বিন মুর্তজা? এ নিয়ে সব প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করেছেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পেজে জানিয়েছেন সবকিছুই ‘২০০১, ক্রিকেটের আঙিনায় পথচলা শুরু। আজ ২০১৮। এই প্রায় দেড় যুগে ক্রিকেট যা খেলেছি, জীবন দিয়ে খেলেছি। কখনো আপস করিনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত আপস করতেও চাই না। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা।’ ‘রাজনীতির তাড়না আমার ভেতরে ছিলই। কারণ, সব সময় বিশ্বাস করেছি, রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন জোরালোভাবে সম্ভব নয়। ক্রিকেট খেলেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। না হলে হয়তোবা ২০১১ সালেই হারিয়ে যেতাম। এই মাশরাফিই হয়তো এত দিনে থাকত না। ২০১১ সালে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমাকে এই সাত বছর চলতে সহায়তা করেছে। এবার আমার সামনে সুযোগ এসেছে আমার দেশের মানুষের জন্য কিছু করার। বিশ্বকাপের পরের সাড়ে চার বছর আমার জন্য কী অপেক্ষায় আছে, সেট...